আধুনিক প্রযুক্তি, কৌশল এবং নিরাপদ মাছ চাষে উদ্বুদ্ধ করতে রাজধানীতে “Good Aquaculture Practices and Efficient Feed Management” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০4 আগস্ট) রাজধানীর বিপিআইসিসি’র কনফারেন্স রুমে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস কাউন্সিল (USGBC) এর যৌথ উদ্যোগে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিপিআইসিসি আহ্বায়ক মসিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Erin Covert, Agricultural Attaché (Foreign Agricultural Affairs Officer), USDA, U.S. Embassy Bangladesh. এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াপসা-বিবি এর সিনিয়র সহসভাপতি জনাব মোঃ সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ ফায়জুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি এবং বিপিআইসিসি এর আহবায়ক জনাব মসিউর রহমান বলেন, “বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এপেক্স বডি হিসেবে বিপিআইসিসি কাজ করে যাচ্ছে। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে U.S. Grains & BioProduct Council (USGBC)-এর সাথে প্রাণিজ আমিষ সেক্টরের উন্নয়নে আমাদের যৌথ পথচলার সূচনা হলো। আমরা একসাথে আরও উন্নয়নমূলক কাজে অগ্রসর হব বলে আশা করছি।”
প্রশিক্ষণে দেশের ফিড শিল্পে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে মাছ চাষ ও ফিড উৎপাদন কৌশল এবং বাজারজাতকরণ সম্পর্কে ব্যবহারিক এবং প্রায়োগিত জ্ঞান লাভ করেন।
প্রশিক্ষণে আধুনিক গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিসেস, পুকুর প্রস্তুতি, পানি মান, মাছের স্বাস্থ্য ও বায়োসিকিউরিটি, আধুনিক ও ব্যয়সাশ্রয়ী পদ্ধতিতে পুকুর ব্যবস্থাপনা, সুষম খাদ্য ব্যবহার এবং উন্নত উৎপাদন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে আধুনিক ফিড উপাদান, ফিডের গুণমান নিয়ন্ত্রণ, সঠিক হ্যান্ডলিং এবং কার্যকর পরামর্শ প্রদানের উত্তম অনুশীলন তুলে ধরা হয়। ট্রেইনারদের ফ্যাসিলিটেশন ও ডেলিভারি দক্ষতা জোরদার করে কীভাবে কৃষক ও ফিড ডিলারদের কাছে সংক্ষিপ্ত, ব্যবহারিক প্রশিক্ষণ পৌঁছে দেওয়া যায় তা নিয়েও হাতে-কলমে দিক নির্দেশনা প্রদান করা হয়।



