মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত

মানিকগঞ্জে “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি র‍্যালিটির উদ্বোধন করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান সরকার “সবার আগে বাংলাদেশ” নীতি বাস্তবায়নে দেশকে নিরলসভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের স্বপ্রণোদিত হয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে দেশীয় প্রজাতির মাছের বিকল্প নেই। দারিদ্র্য বিমোচন ও জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে তৃণমূল পর্যায়ে মৎস্য চাষকে আরও জনপ্রিয় ও সম্প্রসারিত করার ওপর জোর দেন তিনি। তিনি স্পষ্ট করেন যে, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিতে মৎস্য অধিদপ্তর কাজ করছে এবং চাষিদের সব ধরনের কারিগরি সহায়তা দিতে সরকার সর্বদা প্রস্তুত।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষকে প্রান্তিক পর্যায়ে সম্প্রসারণের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। উক্ত আলোচনা সভায় মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসকসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।