প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালকের সাথে বাফিটা’র সৌজন্য সাক্ষাৎ

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোঃ শাহজামান খানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা) -এর নেতৃবৃন্দ।

আজ ২৪ জুন ২০২৬, রাজধানীর খামারবাড়িস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা) -এর সভাপতি সুধীর চৌধুরী ও মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন খান।

শুভেচ্ছা বিনিময় শেষে দেশের প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন এবং পোল্ট্রি, ডেইরি ও মৎস্য শিল্পের অন্যতম প্রধান উপাদান ‘অ্যানিমেল ফিড ইনগ্রিডিয়েন্টস’ বা ফিড কাঁচামাল আমদানির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বাফিটা নেতৃবৃন্দ বলেন, দেশের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খাতের টেকসই উন্নয়নে মানসম্মত ফিড ইনগ্রিডিয়েন্টসের সহজলভ্যতা ও আমদানি প্রক্রিয়া গতিশীল রাখা জরুরি। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন মহাপরিচালকের দক্ষ নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ব্যবসায়ী ও আমদানিকারকদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং খাতটির বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বাফিটা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং দেশের প্রাণিসম্পদ শিল্পের বিকাশে আমদানিকারক ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সাথে তিনি এই খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

উক্ত সৌজন্য সাক্ষাতে বাফিটার কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ, সাধারণ সদস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।