জাতীয় মৎস্য পদক (স্বর্ণ) পেল ফিসটেক গলদা হ্যাচারি

দেশের মৎস্য খাতের আধুনিকায়ন এবং গুণগত মানসম্পন্ন গলদা চিংড়ির পোনা উৎপাদনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক (স্বর্ণ পদক) ২০২৬’ পেল ফিসটেক হ্যাচারি লিমিটেড। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি কিশোরগঞ্জের কটিয়াদীর ঐতিহাসিক আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে স্বর্ণ পদক গ্রহণ করেন ফিসটেক হ্যাচারি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক সরকার।

ফিসটেক হ্যাচারি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক সরকার বলেন, “এই গৌরবময় অর্জন ফিসটেক পরিবারের পরিশ্রম এবং মৎস্য চাষীদের আস্থার প্রতীক। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। টেকসই প্রবৃদ্ধি ও আধুনিকায়নে আমাদের উদ্ভাবনী পথচলা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ও আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করে বায়ো-সিকিউর পরিবেশে রোগমুক্ত ও দ্রুতবর্ধনশীল গলদা পোনা উৎপাদন করছে ফিসটেক। প্রান্তিক ও বাণিজ্যিক চাষীদের প্রযুক্তিগত সহায়তা ও উন্নত পোনা সরবরাহের মাধ্যমে দেশীয় চিংড়ি উৎপাদন ও রপ্তানি খাতকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয়, মীর শাহে আলম, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রাণালয়সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য যে, মৎস্য খাতের উৎপাদন, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও সম্প্রসারণে বিশেষ অবদানের জন্য মোট ১৩টি ক্যাটাগরিতে ১৪টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। যার মধ্যে গলদা পোনা উৎপাদনে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে স্বর্ণ পদক পায় ফিসটেক হ্যাচারি।