বগুড়ায় ইয়ন অ্যাকুয়াকালচারের ২য় তেলাপিয়া ব্রিডিং নিউক্লিয়াস এর যাত্রা শুরু

বাংলাদেশের মৎস্য চাষ খাতে গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে বগুড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের অন্যতম কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন অ্যাকুয়াকালচার লিমিটেডের দ্বিতীয় তেলাপিয়া ব্রিডিং নিউক্লিয়াস (TBN)।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ (WorldFish), মালয়েশিয়ার সাথে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (MoU) অধীনে এই প্রকল্প পরিচালিত হচ্ছে। বিশ্বখ্যাত ‘গিফট’ (GIFT – Genetically Improved Farmed Tilapia) স্ট্রেইনের সর্বশেষ ১৯তম জেনারেশন বা প্রজন্ম থেকে সংগৃহীত বিশেষ জার্মপ্লাজম ‘ইয়ন জেন-০১’ (Eon Gen – 01) ব্যবহার করে এই আধুনিক টিবিএন (TBN) স্থাপন করা হয়েছে। এই টিবিএন এ তেলাপিয়া সিলেক্টিভ ব্রিডিং এবং রোটেশন প্রজনন কৌশল প্রয়োগ করে আরো উন্নত গিফট জাত উৎপাদন করে গুনগত মান সম্পন্ন ব্রুডের আঞ্চলিক অভাব নিরসনের উদ্যোগ নেয়া হচ্ছে।

ইয়ন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা বলেন, বর্তমানে ইয়ন অ্যাকুয়াকালচার লিমিটেডই দেশের একমাত্র ‘সেন্টার অব এক্সেলেন্স’ বা শ্রেষ্ঠত্ব কেন্দ্র, যা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে গিফট স্ট্রেইনের এই সর্বশেষ প্রজন্মের রক্ষণাবেক্ষণ ও প্রজনন কার্যক্রম পরিচালনা করছে। এই কেন্দ্রটি চালুর ফলে আগামী ২০২৭ সাল থেকে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মৎস্য চাষিরা বিশেষভাবে উপকৃত হবেন। এই দুই অঞ্চলের মানসম্পন্ন ও উচ্চ ফলনশীল তেলাপিয়া ব্রুড স্টকের (মা-মাছ) স্থানীয় চাহিদার সিংহভাগ পূরণ করতে সক্ষম হবে ইয়ন।

ইয়ন অ্যাকুয়াকালচার লিমিটেডের চীফ একুয়াকলচার এডভাইজার ড. মোঃ গোলাম হোসেন বলেন, দ্বিতীয় তেলাপিয়া ব্রিডিং নিউক্লিয়াস (TBN) এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৎস্য চাষিরা রোগমুক্ত ও দ্রুত বর্ধনশীল উন্নত জাতের পোনা পাবেন, যা সামগ্রিকভাবে দেশের নীল অর্থনীতি (Blue Economy) এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিসহ পুষ্টির চাহিদা পূরণে অত্যন্ত জোরালো ভূমিকা রাখবে।

বগুড়ায় এই ব্রিডিং নিউক্লিয়াসের সফল উদ্বোধন ও সম্প্রসারণকে দেশের মৎস্য বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ একটি সময়োপযোগী ও বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।