খুলনায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার দখলের ঘটনায় বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বিএফইএ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
১৩ আগস্ট ২০২৫, বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বিএফইএ) এর আহবায়ক কামরুজ্জামান শাহ স্বপন ও সদস্য সচিব মোঃ রাশেদুজ্জামান দিপু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি মারফত আরও জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের সীমানার মধ্যে অবস্থিত ‘খুলনা মৎস্য বীজ উৎপাদন খামার’ দখল করে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী জোরপূর্বক দখল করে ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা দেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা দীর্ঘদিনের দাবি আদায়ের অংশ হিসেবে খামারের কার্যালয়ের নামফলকের ওপর নতুন ব্যানার টাঙিয়ে দেয়।
এ ধরনের জবরদখল দেশের দক্ষিণাঞ্চলের মৎস্য শিল্পের কার্যক্রমে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে এবং আইন ভঙ্গের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ক্ষুণ্ন করেছে। আইন মেনে, অবৈধ দখলমুক্ত করে মৎস্য সম্পদ উন্নয়নে অবদান রাখতে হবে বলেও বিজ্ঞপ্তি মারফত জানানো হয়।



