জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে ইয়ন গ্রুপের স্টল পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড: মোঃ আবদুর রউফ। মৎস্য খাতে ইয়ন গ্রুপের অবদান ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
আজ ১৯ আগস্ট ২০২৫, রাজধানীর আগারগাঁও-এ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মৎস্য খাতে ব্যবহৃত উপকরণ ও প্রযুক্তি প্রদর্শনীতে ইয়ন গ্রুপের স্টল পরিদর্শনে আসেন ডিজি মহোদয়, পরিচালক (প্রশাসন), সহকারি পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন এ্যানিমেল হেলথ প্রোডাক্টস লিঃ এর চীফ অপারেটিং অফিসার সুলতান মাহমুদ, ইয়ন অ্যাকোয়াকালচার লিঃ এর জেনারেল ম্যানেজার মনসুর আলম দীপু, বিজনেস ম্যানেজার শফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
স্টল পরিদর্শনকালে ডিজি ড: মোঃ আবদুর রউফ ইয়ন গ্রুপের মৎস্য চাষে ব্যবহৃত বিভিন্ন পণ্য, বিশেষ করে মৎস্য খাদ্য, টিবিএন তেলাপিয়া পোনা এবং মৎস্য চাষে ব্যবহৃত আধুনিক পণ্য ও প্রযুক্তির বিষয়ে খোঁজ নেন। তিনি মৎস্য শিল্পে ইয়নের হলিস্টিক সলিউশন দেখে ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি দেশের মৎস্য খাতে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি যুক্ত করার জন্য ইয়ন গ্রুপকে ধন্যবাদ জানান।
ড: মোঃ আবদুর রউফ বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইয়ন গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো এই খাতে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত পণ্য সরবরাহ করে মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণে কাজ করছে। আমরা আশা করি, ভবিষ্যতেও তারা মৎস্য খাতের উন্নয়নে এর ধারা অব্যাহত রাখবে।”
ইয়ন এ্যানিমেল হেলথ প্রোডাক্টস লিঃ এর চীফ অপারেটিং অফিসার সুলতান মাহমুদ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে স্টল পরিদর্শনে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। মৎস্য খাতের উন্নয়নে আমরা সবসময় বদ্ধপরিকর এবং ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও পণ্য নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী আগামী ২২ আগস্ট পর্যন্ত চলবে। এতে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মৎস্য পণ্য ও মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সেবা ও প্রযুক্তি প্রদর্শন করছে। এর আগে ১৮ আগস্ট সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় মৎস্য পদক-২০২৫ দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।



