নতুন লাইভ ইস্ট ভিত্তিক পণ্য Biocell বাজারে আনলো MNS Agrotech

দেশের অন্যতম কৃষিভিত্তিক প্রতিষ্ঠান এমএনএস এগ্রোটেক এর আয়োজনে ইতালিয়ান প্রতিষ্ঠান ম্যাজোলেনির অন্যতম কার্যকরী বায়োসেল (Biocell) প্রোডাক্টের লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই ২০২৫, রাজধানীর নিকুঞ্জে অবস্থিত হোটেল রিজেন্সির গ্র্যান্ড সামিট-২ কনফারেন্স রুমে এই প্রোডাক্ট লঞ্চিং অনুষ্ঠিত হয়। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ম্যাজোলিনির প্রোডাক্ট ম্যানেজার আন্দ্রেয়া ডম্পে (Andrea Dompe)।

প্রধান বক্তা আন্দ্রেয়া ডম্পে এমএনএস এগ্রোটেকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বায়োসেলের মতো লাইভ ইস্ট-ভিত্তিক পণ্যগুলো পশুর পুষ্টি শোষণ উন্নত করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, যা চূড়ান্তভাবে দুধের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশে এই ধরনের উদ্ভাবন খাদ্য নিরাপত্তা এবং কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

এমএনএস এগ্রোটেক এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ রাশিদুল জাকির তার স্বাগত বক্তব্যে বায়োসেলের উদ্ভাবনী দিক এবং লাইভস্টক সেক্টরে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, “দেশের প্রান্তিক খামারিদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি এবং প্রাণিসম্পদ সেক্টরের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে আমরা সর্বদা সচেষ্ট। বায়োসেল সেই প্রচেষ্টারই একটি ফসল। এটি গাভীর স্বাস্থ্য এবং দুধের উৎপাদনশীলতা উভয়কেই উন্নত করবে।

তিনি আরও বলেন, এই পণ্যটি মূলত একটি অত্যাধুনিক লাইভ ইস্ট (Live Yeast) ভিত্তিক খাদ্য সম্পূরক, যা পশুপালন, বিশেষত গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে অভূতপূর্ব পরিবর্তন আনবে। পাশাপাশি এটি ব্যবহারে খামারিরা আর্থিকভাবে ব্যাপক লাভবান হবেন বলে আশাকরি।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খামারি, উদ্যোক্তা, কৃষি বিজ্ঞানী, কৃষিবিদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তারা বায়োসেলের কার্যকারিতা এবং লাইভ ইস্ট প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য যে, বায়োসেল মূলত লাইভ ইস্ট (Live Yeast), এটি একটি উপকারী অণুজীব যা গাভীসহ অন্যান্য পশুর পরিপাকতন্ত্রে ইতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি এটি রুমেনের পরিবেশের উন্নতি, স্ট্রেস হ্রাস, ল্যাকটিক এসিড নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দুধ উৎপাদন ও গুণগত মান বৃদ্ধিতে কাজ করে। এটি স্টোরেজ এবং খাদ্য মিশ্রণের সময় লাইভ ইস্টের কার্যকারিতা বজায় রাখে, যা খামারিদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে।