জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫: ‘নিরাপদ মৎস্য খাদ্য উৎপাদন’ ক্যাটাগরিতে পুরস্কার পেল এক্সেল ফিড

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা মৎস্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে মাছ চাষে বিশেষ অবদানের জন্য ‘নিরাপদ মৎস্য খাদ্য উৎপাদন’ ক্যাটাগরিতে সম্মাননা পেলো দেশের শীর্ষস্থানীয় প্রাণি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সেল ফিড লিঃ।

১৮ আগস্ট ২০২৫, ময়মনসিংহ জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইয়ন ফিডের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন এক্সেল ফিড লিমিটেডের প্লান্ট ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাল্গুনী নন্দী, অতিঃ পুলিশ সুপার, ময়মনসিংহ পুলিশ রেঞ্জ, নৃপেন্দ্র নাথ বিশ্বাস, পরিচালক, মৎস্য অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোখতার আহমেদ দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনে মানসম্মত মৎস্য খাদ্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। “নিরাপদ মৎস্য খাদ্য উৎপাদন, মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্যের সুরক্ষাতেও অপরিহার্য। এক্সেল ফিডের মতো প্রতিষ্ঠানগুলো এই গুরুত্বপূর্ণ কাজটি নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছে, যা দেশের মৎস্য খাতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত বলেও তিনি জানান।

পুরস্কার গ্রহণকালে এক্সেল ফিড লিমিটেডের প্লান্ট ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, “আমরা এই সম্মাননা পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত এবং মৎস্য অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটি আমাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং মানসম্মত পণ্য সরবরাহের প্রতিশ্রুতির স্বীকৃতি। মাছ চাষিদের চাহিদা অনুযায়ী উন্নত প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপদ মৎস্য খাদ্য উৎপাদন করাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে পারলেই দেশের মৎস্য খাত আরও এগিয়ে যাবে এবং আমিষের চাহিদা পূরণ হবে।”

উল্লেখ্য যে, মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মৎস্য চাষী, গবেষক এবং মৎস্য ব্যবসায়ীদের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠান ও মতবিনিময় সভায় এই পুরস্কার প্রদান করা হয়।