পোল্ট্রিসহ প্রাণীজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারী, আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন এ্যানিমেল হেল্থ কোম্পানীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এর নবনির্বাচিত ১১তম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জুন ২০২৫, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এই অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের একার পক্ষে দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। দীর্ঘমেয়াদী কাঙ্ক্ষিত উন্নয়নে আহকাবের ভূমিকা অপরিসীম। আমি আশাকরি আহকাবের নতুন এই কমিটি বৃহৎ পরিসরে নিরলসভাবে কাজ করে যাবে। প্রাণিসম্পদ অধিদপ্তর বিগত দিনের ন্যায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাবে।
অভিষেক অনুষ্ঠানে পুনরায় নির্বাচিত সভাপতি ও নোভিভো হেলথ কেয়ার লিঃ এর চেয়ারম্যান সায়েম উল হক বলেন, আহকাব দেশের প্রাণিসম্পদ সেক্টরের কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি এই সংগঠনের সদস্যদের কল্যাণে কাজ করে যাচ্ছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় তিনি স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবসা পরিবেশ বজায় রাখা, সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় জোরদারকরণে সকলের সহযোগিতা কামনা করেন পাশাপাশি আহকাবের স্বচ্ছ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
প্রাণবন্ত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশের প্রাণিজ খাতের বিভিন্ন এসোসিয়েশন সমূহের নেতৃবৃন্দ, আহকাব এর সন্মানিত সকল সদস্য এবং বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আহকাব এর ২০২৫-২০২৭ এর নতুন কার্যনির্বাহী কমিটিতে নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে সেঞ্চুরী এগ্রো লিঃ এর ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেন এবং ট্রেজারার হিসাবে এমএইচকে এগ্রো লিঃ এর চীফ এক্সিকিউটিভ মো. মোজাম্মেল হক খান, ভাইস প্রেসিডেন্ট হিসাবে এফটিডিসি ট্রেড এন্ড কনসালটেশন এর সিইও ডাঃ এসএমএফবি আবদুস সবুর এবং জয়েন্ট সেক্রেটারি হিসাবে সেইফ বায়ো প্রোডাক্টস লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সরোয়ার জাহান, অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে আরআর এগ্রো ট্রেডার্স এর সিইও মোহাম্মদ রাশেদুল জাকির নির্বাচিত হয়েছেন।
এক্সিকিউটিভ কমিটিতে স্থান পেয়েছেন বেঙ্গল এগ্রোভেট লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর তারেক মাহমুদ খান, প্ল্যানেট ফার্মা লিঃ এর ডিরেক্টর মো. মোসলেহ উদ্দিন, ওরিয়েন্টাল ফার্মা এগ্রোভেটস লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, এভোন পোল্ট্রি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহাবুব হাসান, রেডিয়ান্স এনিমেল হেলথ এর সিইও মো. তসলিম খান, হোভারস এগ্রোভেট লিঃ এর ডিরেক্টর খন্দকার রকিবুল ইসলাম, এরেনা এগ্রো লিঃ এর সিইও খন্দকার মুহাম্মদ মাহমুদ হোসেন, এভান্স এশিয়া লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফয়জুর রহমান, এবং গ্রোটেক এনিমেল হেলথ এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ তারেক সরকার।



