অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সরকার, শিক্ষাবিদ, গবেষক এবং সংশ্লিষ্ট সকল শিল্প প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। বিশেষত, ভেটেরিনারি ও মানব স্বাস্থ্য—উভয় ক্ষেত্রেই এর যুক্তিসঙ্গত ব্যবহার নিশ্চিত করা অত্যাবশ্যক।
১৮ নভেম্বর ২০২৫, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) প্রশাসনিক ভবনের অডিটরিয়ামে ‘অ্যাক্ট নাও: প্রোটেক্ট আওয়ার প্রেজেন্ট, সিকিউর আওয়ার ফিউচার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৫ এ বিশেষ অতিথির বক্তব্যে এমন কথা বলেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা।
তিনি আরও বলেন, আমাদের বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে এখনই দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এসময় তিনি ইয়াং এনিমেল হেলথ ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সিভাসু’র উদ্যোগের প্রশংসা করেন এবং দেশের কৃষি ও স্বাস্থ্যখাতে ইয়ন গ্রুপের প্রতিশ্রুতি তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের অপব্যবহার ও অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) এর ভয়াবহতা নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণের ওপর জোর দেন।
অনুষ্ঠানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর উপর একটি কী-নোট উপস্থাপন করেন আঞ্চলিক এএমআর প্রজেক্ট অফিসার ড. পন্ডপান সুয়ানথাদা (Dr. Pondpan Suwanthada)। এছাড়াও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর উপর একটি প্রেজেন্টেশন দেন ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিমেল হেলথ এর কনসালট্যান্ট ড. মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইকোলজি, বায়ো কেমিস্ট্রি এবং ফার্মাকোলজি অনুষদের আয়োজনে সিভাসু’র ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আমীর হোসেন সৈকত । অনুষ্ঠানের এক পর্যায়ে কৃষি খাতে অসামান্য অবদান রাখার জন্য সিভাসুর ভেটেনারি অনুষদ থেকে ইয়ন গ্রুপ কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।



