কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম

ছাত্র জনতার আন্দোলনে দেশের পট পরিবর্তনের ফলে ক্রমাগত কমতে শুরু করেছে ব্রয়লার মুরগিসহ সব ধরনের মুরগির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে কমেছে ৩০ টাকা পর্যন্ত। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ টাকা থেকে ১৭০ টাকা দরে।

রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

বাজারে ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার ১৯৫ থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়েছিল। সোনালি মুরগিও কেজিতে ১০ টাকা কমে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিডের কেজি ২৪০ থেকে ২৫০ টাকা, দেশি মুরগি ৫৫০ টাকা, লেয়ার লাল মুরগি ৩৩০ টাকা এবং সাদা লেয়ার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, হাঁসের ডিমের ডজন ১৯০ টাকায়। দেশি মুরগির ডিমের হালি ৮৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।